অভিনয়ে নাম লেখালেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ শিরোনামে একটি টেলিফিল্মে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।
২০২০ সালের ঈদুল ফিতরে বঙ্গ বিডির বিশেষ আয়োজন ছিল ‘বঙ্গ বব’। ঈদের সাত দিন চারটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় আটটি টেলিফিল্ম। যা দর্শকদের নজর কাড়ে। এবারো বঙ্গ বিডি বঙ্গ ববের দ্বিতীয় সিজন নির্মাণ করছেন। সাতটি বইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সাতটি টেলিফিল্ম। এর মধ্যে রয়েছে তরুণ লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামের উপন্যাস ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। এর নাম ভূমিকায় অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী।
একজন মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে এগিয়েছে টেলিফিল্মটির গল্প। যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত; আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করা শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্খিত মূহুর্ত।
নারীর ক্ষমতায়নের উপর নির্মিত হচ্ছে এই টেলিফিল্ম। এর গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করছেন—সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন প্রমুখ। ঈদুল ফিতরে টেলিফিল্মটি প্রচারের কথা রয়েছে।
