বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেয়েছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। এমনকি আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি। কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইন্ডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে খুনিদের।’

তিনি বলেন, বিচারহীনতার একটি সংস্কৃতি দেশে চালু করা হয়েছিল। সে অবস্থার একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছি তখন। সেখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই বিচারকের সাহসী পদক্ষেপের জন্য।

সরকারপ্রধান বলেন, নিম্নআদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিচারহীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেয়েছি।

প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল পর পর তিনবার। এ কারণে অনেক উন্নয়ন আমরা করতে পেরেছি। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের আরও এগিয়ে যেতে হবে। অর্থনৈতিকভাবে আমরা আরও স্বাবলম্বী হতে চাই। কারও কাছে যেন হাত পেতে চলতে না হয়। নিজেরাই যেন নিজেদের উন্নয়নকাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

‘আল্লাহর রহমতে এখন প্রায় ৯০ ভাগ উন্নয়ন পরিকল্পনা আমরা নিজেদের অর্থায়নে করতে পারি। সে সক্ষমতা আমরা অর্জন করেছি। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প বাস্তবায়ন করেছি। এটার মধ্য দিয়েই আমি মনে করি, দেশের ভাবমূর্তি বিদেশে অনেক উজ্জ্বল হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *