বিনোদন জগতে শিল্পীদের নিয়ে সাধারণ জনগণ ও ভক্তদের মাঝে এক আলাদা কৌতুহল কাজ করে। আর তাদের লাইফস্টাইল, নতুন সব নাটক, সিনেমাসহ সকল তথ্য জনসাধারণের মাঝে প্রতিনিয়ত দিয়ে থাকেন বিনোদন সাংবাদিক।
এবং সেই বিনোদন সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য সেরা বিনোদন সাংবাদিক হিসেবে ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১ পেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক (বিনোদন বিভাগ) পান্থ আফজাল।
সোমবার (২৮ মার্চ) রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এদিন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নিত্য, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাংবাদিক পান্থ আফজাল বলেন, ‘যে কোন স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে তোলে। কাজে আরো উৎসাহ মিলে। এমন অর্জন কাজের অনুপ্রেরণা যোগায়। আমি অনুপ্রানিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
পান্থ আফজাল শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন নিবেদিত সাংস্কৃতিক কর্মী হিসেবে থিয়েটার, সংগীত ও আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার ফলে দেশের সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সংগঠকদের সঙ্গে বেশ সুনামের সাথে কাজ করছেন তিনি।
উল্লেখ্য কবি ও লেখক হিসেবে ‘তারার মুখে তারার গল্প’ নামে একুশে বইমেলায় গ্রন্থও প্রকাশ করেছেন পান্থ আফজাল। দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য সম্প্রতি ‘সেরা সাংবাদিক’ হিসেবে আইকনিক স্টার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
৪র্থ আসরে অনুষ্ঠিত ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, ইভান শাহারিয়ার সোহাগ,সাবরিনা পড়শীসহ আরো অনেকে।
