তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও বেড়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তবে মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কারণে ভোজ্যতেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদে এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘এরই মধ্যে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নির্ণয়, মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্য ‘পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ এটা মনিটর করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটর ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

‘বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম বাজার দাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টিসিবির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে ৩ হাজার ডিলারের মাধ্যমে নায্যমূল্যে ট্রাকসেল চলমান রয়েছে।’

তিনি জানান, সারা দেশের ১ কোটি নিম্ন আয়ের মানুষকে রমজান শুরুর আগেই গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে এবং দ্বিতীয় দফায় ৩ এপ্রিল থেকে আবারও নিত্যপণ্য বিক্রি করা হবে।

সংসদ সদস্য লুৎফুন নেসা খানের অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল, যা ক্রমে হ্রাস পাচ্ছে। ২০১০-১১ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ৫১২ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, সেটি ২০২০-২১ অর্থবছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৯ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।’

সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার বাণিজ্য সম্ভাবনা বাড়ানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকার বাণিজ্য স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী ৮ হাজার ২৫৬টি পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়া যাবে।’

গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্বের ২০টি দেশে বাংলাদেশের ২৩টি বাণিজ্য মিশন রয়েছে। যেগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চীন (বেনজিং), চীন (কুনমিং), ফ্রান্স, জার্মানি, ভারত (দিল্লি ও কলকাতা,) ইরান, জাপান, মিয়ানমার, মালয়েশিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন ও লসঅ্যাঞ্জেলস), যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

তবে এ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৭ হাজার ৬৪৭ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *