শাকিব খানের নতুন নায়িকা কে এই কোর্টনি কফি?

ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গতকাল সোমবার ছিল এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন এই নায়ক। সেখানে উদযাপিত হয় তার জন্মদিন ও নতুন সিনেমার মহরত।

সিনেমার নাম রাজকুমার। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন আমেরিকার অভিনেত্রী কোর্টনি কফি। অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে সিনেমার ওয়ার্কিং পোস্টার, অভিনেত্রীসহ বাকি সব তথ্য।

খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন অভিনেত্রী কোর্টনি কফি সম্পর্কে বলেন , আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।

সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল জানান, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার।

মহরতে শাকিব খান বলেন, সবাই জানুক, আমেরিকায় গিয়ে শুধু গ্রীনকার্ড নিয়ে ঘুরেই আসিনি। কার্ডটা পকেটে নিয়েই বসে থাকিনি। সঙ্গে আমি আমার দেশ, চলচ্চিত্রকে নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের দেশে এখন হল সংখ্যা কমে গেছে। কিন্তু দেশের বাইরে যদি দেড়শ হল যুক্ত করা হয় তাহলে বিষয়টি কেমন হয়? আর সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আশা করি হলিউড-বলিউডের মতো দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরাও লস পুষিয়ে নিতে পারব।

এদিকে প্রথমবার বাংলাদেশী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জানিয়ে কোর্টনি কফি উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *