এবারের জন্মদিনে সাত সমুদ্র তেরো নদীর ওপারে আছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে তাঁর ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
দেশের কোথাও কোথাও প্রিয় নায়কের জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন ভক্তরা। নায়ক, নায়িকা ও চলচ্চিত্রের মানুষেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিন উপলক্ষে হয়েছে নতুন গান।
তবে বিশেষ এ দিনে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান নিজেই। ঘোষণা করেছেন নতুন সিনেমার নাম। নিউইয়র্কে জন্মদিন আর সিনেমার মহরত করেছেন ঢালিউড ভাইজান।
নিজের ৪৩তম জন্মদিনের ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান। ঘোষণা করেছেন নতুন সিনেমার নাম। নিউইয়র্কে জন্মদিন আর সিনেমার মহরত করেছেন ঢালিউড ভাইজান।
শাকিব খান অভিনয় করবেন ‘রাজকুমার’ শিরোনামের একটি সিনেমায়। নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর চমক হলো- শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন আমেরিকান অভিনেত্রী কোর্টনে কফে।
মঙ্গলবার (২৯ মার্চ) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। যদিও একদিন আগে জানা গিয়েছিল, শাকিব খানের বিপরীতে হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান অভিনয় করবেন। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতা মেলেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কোর্টনে কফে একজন টেলিভিশন অভিনেত্রী। থিয়েটারের পাশাপাশি কিছু সিনেমাতেও অভিনয় করেছেন।
‘রাজকুমার’ প্রযোজনা করছেন শাকিব খান। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে এটি।
মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আজকের এ সুন্দর সন্ধ্যাটা আমার জন্য এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য, যারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তাদের সবার জন্য বিশেষ একটি সন্ধ্যা। আমার জন্য এটাই প্রথম, যেটার স্বপ্ন আমি সবসময় দেখেছি, দেখে যাই। এশিয়ার অন্য দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, কবে যাব আমরা? বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের একটি বড় বাংলা সিনেমার শুভ সূচনা করতে পারিনি। যেটা আজকে হচ্ছে।’
কোর্টনে কফে বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত ও ভাগ্যবান।’
আধো বাংলায় তিনি আরও বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো করতে পারি। ধন্যবাদ।’
