আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সোমবার এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীতেও আজ এবং পরশু বুধবার সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া বলেন, তাপমাত্রা গতকালের তুলনায় আজ একটু কম থাকবে। সারা দেশের তাপমাত্রাই একটু কম থাকবে।
আবদুল হামিদ মিয়া আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। রাজধানীতে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। তবে গতকাল রাতের পর তাপমাত্রা আবার কমেছে। এটি বেড়ে গেলে আগামী বুধবার সন্ধ্যার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।
গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।
