৪২ পেরিয়ে ৪৩ বসন্তে শাকিব খান

ঢাকাই সিনেমার পোস্টার বয়। কেউ বলেন নম্বর ওয়ান নায়ক। কেউ বলেন ঢালিউডের কিং খান। ভক্তের চোখে তিনি সবার সেরা৷ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এদেশের সিনেমায় রাজত্ব করে যাচ্ছেন। তিনি শাকিব খান।

আজ তার জন্মদিন। জীবনের ৪২টি বসন্ত পেরিয়ে আজ ৪৩ বছরে পা দিলেন তিনি। এই সুপারস্টারের জন্ম ১৯৭৯ সালের আজকের এই দিনে (২৮ মার্চ) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে।

ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই শাকিব খানের ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তবে এবার শাকিব রয়েছেন আমেরিকায়। নাগরিকত্ব নেওয়ার জন্য কয়েক মাস ধরেই মার্কিন মুলুকে বাস করছেন তিনি। সেখানে বসেই ভক্তদের জন্য দেবেন নতুন সিনেমার চমক।

দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৮ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক তিনি। বলা হয়ে থাকে তিনিই ইন্ডাস্ট্রি! তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার বীজ বোনেন প্রযোজক-হল মালিকরা। অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে রাজার আসনে বসে আছেন বাংলা ছবির নায়কদের রাজত্বে।

সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন শাকিব। নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবনে শাকিব খান এক পুত্রের জনক। তবে ভেঙে গেছে তার দাম্পত্য জীবন। ২০১৯ সালের বছরের মার্চ মাসে স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *