ঢালিউডের নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার নতুন সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘ময়না’।
নারীকেন্দ্রিক সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। আলিম উল্লাহ খোকন প্রযোজিত এই সিনেমায় রাজ রিপার বিপরীতে থাকছেন চিত্রনায়ক কায়েস আরজু। এর আগে একসঙ্গে তারা ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছেন।
‘ময়না’ সিনেমাটি পরিচালনা করবেন মনজুরুল ইসলাম মেঘ। আরজু-রাজ রিপা ছাড়াও এতে অভিনয় করবেন আমান রেজা, নাদের চৌধুরী, সুব্রত, আফফান মিতুলসহ অনেকে। আগামী ৩০ মার্চ সাভারে সিনেমাটির শুটিং শুরু হবে।
কায়েস আরজু ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকের ভালোবাসা পান তিনি। এরপর মুক্তি পায় আরজু অভিনীত আরও ৯টি সিনেমা।
বর্তমানে এই নায়কের মুক্তির অপেক্ষায় রয়েছে ৫টি সিনেমা-ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘অপুর বসন্ত’, গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ এবং অপূর্ব রানা পরিচালিত ‘জল রঙ’।
