চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহা ২০২১ সালের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরেই ভেঙে যায় তাদের সংসার। তাদের সেই দাম্পত্যের দ্বন্দ্ব গড়ায় মামলায়।
এদিকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইলিয়াসের স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ এ মামলা করেন।
মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিন ইলিয়াসের জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ প্রসঙ্গে সুবাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি আবারও ন্যায়বিচার পেয়েছি। রাখে আল্লাহ মারে কে। হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর দুইবার আদালতে হাজির হননি ইলিয়াস। এমনকি তাকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন। সেই ভিডিও আদালতে দাখিল করেন আমার আইজীবী। বিচারক ভিডিওটি দেখে সিদ্ধান্ত দিয়েছেন। ইলিয়াসের জামিন আবেদন বাতিল করে, জারি করেন গ্রেপ্তারি পরোয়ানা।’
তবে এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়নি।
