কলকাতার সিনেমায় অন্যতম আলোচিত নাম এখন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’য় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন গুণী এই অভিনেত্রী। ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি এ পুরস্কার পেলেন।
বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’-এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেয় আয়োজকরা।
টালিগঞ্জের বাংলা চলচ্চিত্র নিয়ে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ারের এ আঞ্চলিক আসর।
নির্মাতা অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় শ্রাবণী নামে এক মধ্য তিরিশের নারীর ভূমিকায় অভিনয় করেন জয়া আহসান। গত বছরের অগাস্টে কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
ফিল্মফেয়ারে আরও তিন বাংলাদেশি মনোনয়ন পেয়েছিলেন। তারা হলেন- অভিনেতা মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। তবে তারা কেউ পুরস্কার পাননি।
এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। তার আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।
২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমায় জন্যও ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।
