সাকিব কালই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে: পাপন

স্পোর্টস আপডেট ডেস্ক: মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি লিখেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে তুমুল সমালোচনার মাঝেও তার ছুটি মঞ্জুর করে বিসিবি।

শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

কিন্তু সেই বার্তার দুদিন পার না হতেই সিদ্ধান্ত বদল করলেন সাকিব নিজেই। জানালেন, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। ক্রিকেটে নেজেকে এভেইলেবল বলে ঘোষণা দিলেন এ তারকা অলরাউন্ডার।

শনিবার দুপুরে হঠাৎ করেই মিরপুরে সাকিবের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে গণমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

এর খানিক পরেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সাকিব দুই সিরিজেই খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে বিশ্রামের প্রয়োজন হলে সবগুলো ম্যাচ না-ও খেলতে পারেন।

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের দুই ফরম্যাটের দল ঘোষণা করা হয়েছিল। তবে গত ৬ মার্চ সাকিব জানিয়েছিলেন, মানসিক ও শারীরিক অবসাদের কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহী নন। বোর্ডের কাছে ছুটি চাইলে ৯ মার্চ বিসিবি সিদ্ধান্ত নেয়, সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার।

তবে বোর্ডের সাথে আলোচনা করে সাকিব ছুটি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সাকিবের মানসিক অবস্থার কথা বিবেচনা করে এই বিতর্কের অবসান কামনা করেছেন বিসিবি সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *