ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর গত সিজনে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান উত্তরাখণ্ডের তরুণ গায়ক পবনদীপ রাজন ও পশ্চিমবঙ্গের গায়িকা অরুণিতা কাঞ্জিলাল। প্রতিযোগতায় থাকতেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। দুর্দান্ত গায়কীতে যেমন মুগ্ধ করেছেন, তেমনি তাদের ঘনিষ্ঠতা নিয়েও মেতেছিল দর্শক।
ইন্ডিয়ান আইডলে চ্যাম্পিয়ন হয়েছিলেন পবনদীপ, অরুণিতা হন রানারআপ। পেয়েছেন মোটা অংকের অর্থ। এর কিছু দিন পরই পবনদীপকে গাড়ি কিনে দিয়েছিলেন অরুণিতা। সে ঘটনা নিয়েও আলোচনা কম হয়নি। যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দুজনেই। তাদের ভাষায়—‘আমরা খুব ভালো বন্ধু।’
‘ইন্ডিয়ান আইডল’ শেষ হওয়ার পর থেকে দেশে-বিদেশে শো করে বেড়াচ্ছেন অরুণিতা-পবনদীপ। এবার পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি শো করতে গিয়েছেন তারা। এ যাত্রায় তাদের সায়লী কাম্বলে ও মোহাম্মদ দানিশ। তবে শোয়ের ফাঁকে একান্তে সময় কাটাচ্ছেন এই প্রেমিক যুগল।
অরুণিতা-পবনদীপ সম্পর্কের কথা গোপন করলেও তাদের কর্মকাণ্ড বলছে অন্য কথা। একই স্থানে তোলা আলাদা আলাদা ছবি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তারা। তবে ড্রামার তুষার কামরা এ জুটির একসঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এসব ছবিতে অরুণিতা-পবনদীপের বন্ডিং স্পষ্ট। আর সেখানে মন্তব্য করেছেন তাদের ভক্তরা।
অরুদীপ ভক্তদের একজন লিখেছেন, ‘লুকিয়ে প্রেম করার বড় লক্ষণ তো এটাই, দুজনে একই জায়গায়, কিন্তু সেটা জানতে দেবে না।’ আরেকজন লিখেছেন, ‘ভাই, প্রেম কি লুকানো যায়?’ এছাড়া অসংখ্য ভক্ত মন্তব্য করেছেন—‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, সারাজীবন একসঙ্গে থেকো।’
প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট অরুণিতা-পবনদীপ। তবে কিছুদিন আগে পবনদীপের বোনের বিয়েতে প্রথম থেকে অরুণিতার উপস্থিতি অনেক কিছুই খোলাসা করে দিয়েছে। তারপর এ জুটির একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায়, পবনদীপের হাত ধরে হেঁটে চলেছেন বাংলার অরুণিতা। ভিডিওতে তার চোখ-মুখের উচ্ছলতা বলে দিচ্ছে ঠিক কতটা খুশি তিনি!
