প্রেমের প্রস্তাব আমি দিয়েছি, ওর না বলার উপায় ছিল না: পরীমণি

ভালোবেসে ঘর বেঁধেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন এই দম্পতি।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে রাজ-পরীর প্রেম হয়। এরপর তারা নেন বিয়ের সিদ্ধান্ত। কিন্তু তাদের প্রেমের শুরুটা কীভাবে? কে-ই বা আগে প্রেমের প্রস্তাব দিয়েছেন, এমন প্রশ্ন কৌতুহলী ভক্তদের মনে ঘুরপাক খায়!

এই বিষয়টি নিয়ে এবার পরীমনি নিজেই মুখ খুললেন। জানালেন কে আগে দিয়েছিলেন প্রেমের প্রস্তাব ।

বুধবার (০৯ মার্চ) রাজধানীর ১০০ ফিটের একটি বিনোদন কেন্দ্রে আয়োজিত ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ারে এক প্রশ্নে উত্তরে হাসতে হাসতে পরী বলেন, ‘রাজকে প্রেমের প্রস্তাব আমি দিয়েছিলাম! কিন্তু ওর না বলার উপায় ছিল না!’

এদিন সিনেমার প্রদর্শনীর আগে সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। হাস্যোজ্বল মুখে পরীমণিও জানান তার অনুভূতির কথা। তিনি বলেন, ‘এই কাজটা করতে গিয়ে আমি আরেকজনের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গেছি। তাই এটা সারাজীবন আমার কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে।’

‘গুণিন’ সিনেমায় যুক্ত হওয়ার ঘটনা জানিয়ে পরীমণি বলেন, “মাঝখানে ২৭ দিন আমি গায়েব ছিলাম। এই গায়েবের মাঝখানে আমাকে সেলিম ভাই ফোন দিয়ে বলেন, ‘তুই কি আমার কাজ করবি রে? আমরা কি কাজটা করব?’ এটা শুনে আমি দুই মিনিট কথা বলতে পারিনি। চুপচাপ ছিলাম। ওনাকে বললাম, ‘আপনি এমনভাবে জিজ্ঞেস করলেন, আমি তো কষ্ট পেলাম’। তখন তিনি বলেন, ‘চল আমরা শুটিং করি’। এভাবেই কাজটির সঙ্গে আমার যুক্ত হওয়া।”

উল্লেখ্য, এই সিনেমার গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এতে বাংলার আদিম এক সমাজের প্রেক্ষাপট দেখা যাবে। যেখানে পারিবারিক সম্পর্ক, কলহ এবং প্রেমের বিষয়গুলো থাকবে সমান্তরালভাবে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এছাড়াও আছেন পরীমণি, শরিফুল রাজ, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান প্রমুখ। চরকি প্রযোজিত সিনেমাটি শুক্রবার (১১ মার্চ) মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *