ক্ষুধার বোমার ওপরে বসে আছে সরকার: মেনন

ঢাকা: সরকার কার্যত ক্ষুধা বোমার ওপর বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীতে অনুষ্ঠিত দলীয় এক ব্রিফিংয়ে মেনন এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, মানুষের খাদ্য প্রাপ্তি ও খাদ্য অধিগম্যতা কারো দয়া নয়, এটা তাদের অধিকার। মানুষের বাজারের থলের ওপর ভোট নির্ভর করে। সরকার কার্যত ক্ষুধা বোমার ওপর বসে আছে। এর বিস্ফোরণ ঘটলে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবর্ণজয়ন্তীর আনন্দ অচিরেই বিপদে পরিণত

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অজুহাত তুলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীরাই স্বীকার করেছেন যে তাদের কাছে পর্যাপ্ত ভোজ্য তেল আছে তারা কেবল ভ্যাট মওকুফ চান। এ অবস্থায় বাজার থেকে ভোজ্য তেল উধাও হওয়ার কোন কারণ নেই। অপরদিকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃঙ্খলা বন্ধ করার জন্যই কেবল নয়, গণবন্টন ব্যবস্থার যথাযথ বিবেচনায় এখনই পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছে দিতে অবিলম্বে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহ্বান জানান রাশেদ খান মেনন এমপি।

ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক। সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান, নুর আহম্মদ বকুল ও আলী আহম্মদ এনামুল হক এমরান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *