নতুন দায়িত্ব পেলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

চলচ্চিত্র প্রদর্শক সমিতিকে নতুনভাবে যুক্ত করে চলচ্চিত্রের মোট ১৯টি সংগঠন নিয়ে গঠিত হলো আহ্বায়ক কমিটি। বুধবার বিএফডিসিতে পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে এই কমিটি গঠন করা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর।

আহ্বায়ক কমিটিতে বড় দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী চিত্রনায়িকা নিপুণ আক্তারও। এর মধ্যে ইলিয়াস কাঞ্চন আছেন কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে।

আরও পড়ুন-

চলচ্চিত্রের ১৯ সংগঠনের নেতা হলেন আলমগীর

সন্তান জন্মের পর আবারও বিয়ে করব: পরীমণি

খারাপ লাগছে, আমি কথাটা বুঝাতে ব্যর্থ হয়েছি: মেহজাবিন

এই দায়িত্বে আরও আছেন চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শায়েব রশিদ।

অন্যদিকে, আহ্বায়ক কমিটিতে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব। তার সঙ্গে এই দায়িত্বে আরও আছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন এবং চলচ্চিত্র গ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু।

এছাড়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মো. সামসুল আলম এবং চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন চলচ্চিত্র পরিচালক সমিতির অর্থসচিব মো. সালাহউদ্দিন।

আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মোহাম্মদ হোসেন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ ও মুশফিকুর রহমান গুলজার। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আছেন ৩০ জনের মতো।

আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, শিগগিরই তারা মিটিংয়ে বসে দেশের সিনেমার হল পরিস্থিতি এবং সিনেমার নানা রকম সংকট সমাধানে পরিকল্পনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *