রাজ ও পরীমণি অভিনীত ‘গুণিন’ সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকে। কারণ, এই সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরপর বিয়েটাও সেরে ফেলেন। তাই পর্দায় তাদের রসায়ন কেমন হবে— সেটাই দেখতেই দর্শকের অপেক্ষা।
মার্চের ১১ তারিখ সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। ওই দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম মারফত জানা গেছে এই তথ্য।
আজ থেকে ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুণিন’ ছবির কাহিনি। সেই গ্রামের নামকরা ওঝা রজব আলী গুণিন। গ্রামবাসীর বিশ্বাস, আধ্যাত্মিত ক্ষমতা আছে তার। অলৌকিক ক্ষমতার জোরে সেখানকার মানুষের জিন–ভূত তাড়ান তিনি। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে সবসময় লাল কাপড়ের নিশান ওড়ে। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।
রাবেয়া চরিত্র অভিনয় করেছেন পরীমণি। গত বছর মাদক মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর এই ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। যদিও পরিচালক প্রথমে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করিয়েছিলেন। পরে শিডিউল জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান ফারিয়া।
ফারিয়া ছেড়ে দেওয়ার পর গিয়াস উদ্দিন সেলিম প্রস্তাব নিয়ে যান পরীমণির কাছে। প্রস্তাব পেয়েই আনন্দে তখন চোখের পানি চলে এসেছিল তার। কারণ, জীবনের খারাপ সময়টা দূর করার জন্য এরকম একটি সিনেমায় অভিনয়ের জন্য উন্মুখ হয়েছিলেন এ নায়িকা।
সে সময় পরীমণির বলেছিলেন, ‘জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’
তিনি জানিয়েছিলেন, এত বড় একটি ঘটনার পরে গিয়াস উদ্দিন সেলিমের মতো পরিচালকের সঙ্গে প্রথম কাজ করতে পারাটা জীবনের বড় প্রাপ্তি।
সিনেমায় রাজের চরিত্রের নাম রমিজ। রাবেয়া ও রাজের প্রেম এই ছবির মূল উপজীব্য বিষয়। রিয়েল লাইফের মতো রিল লাইফেও তারা সুখের সংসার বাঁধতে পারবেন কি না— এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে।
এদিকে সিনেমায় অভিনয়শিল্পীদের অভিনয়ে স্টার মার্কস দিয়েছেন পরিচালক। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পরীমণি-রাজসহ সবাই খুব চমৎকার অভিনয় করেছেন। বলার জন্য বলছি না, সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন তারা কতটা পরিশ্রম দিয়ে অভিনয় করেছেন।’
চরকি প্রযোজিত ‘গুণিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে ‘গুণিন’ দেখুন।’’
