প্রেম ছাড়া তো থাকতে পারি না, এখনো প্রস্তাব পাই: ফারিয়া শাহরিন
দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে। আগামী ১১ মার্চ থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে৷
এদিকে, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের আনুষ্ঠানিক ঘোষণার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন ফারিয়া। ব্যক্তিগত জীবনের প্রেম প্রসঙ্গে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে ফারিয়া বলেন, ‘প্রেম ছাড়া তো কেউ থাকতে পারি না। এখনো প্রস্তাব পাই। প্রেম আসলে সুন্দর, প্রস্তাব পাওয়াটাও মজার। কিছু কিছু মানুষকে গ্রহণ করেছি, কিছু মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছি। যারা ভালো ছিল, তাদের কাছ থেকে ভালো কিছু নিয়েছি। আর যারা খারাপ ছিল, তাদের কাছ থেকে শিখেছি যে, এরকম মানুষ থেকে দূরে থাকতে হবে।’
অতীতে যেসব মানুষ আপনার জীবনে ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? উত্তরে ফারিয়া শাহরিন বলেন, ‘তাদের শুধু এতটুকু বলবো, ‘আমাকে দেখো, কী হারিয়েছো তোমরা!’ তবে যারা আমার মতো জীবনে খারাপ সময় পার করছে তাদের উদ্দেশে বলতে চাই, জীবন ভালো মন্দ দুই সময় থাকবে। খারাপ সময়ে ভেঙে পড়লে চলবে না। বরং ধৈর্য্য ধরতে হবে।
ব্যক্তিগত উদাহরণ টেনে ফারিয়া বলেন, আমার জীবনে অনেক খারাপ সময় গেছে। সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। লেখাপড়া শেষ করে এখন আমি ধুমছে কাজ করছি। তাই বলে খারাপ সময় কোনো খারাপ পদক্ষেপ নেয়া যাবে না। খারাপ সময় থেকে বেরিয়ে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। যারা তোমার খারাপ চেয়েছে, পতন দেখতে চেয়েছে তাদের সময় ও সাসকেস দেখাতে হবে।
১১ মার্চ থেকে ফ্রুটিকা নিবেদিত অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর প্রচার হতে যাচ্ছে। আগের মতো এবারও অন্তরা চরিত্রে হাজির হচ্ছেন ফারিয়া শাহরিন। এতে যুক্ত হওয়ার তিনি যেমন আলোচিত হয়েছেন, তেমনি ২০০৭ সালের পর আবার নতুন করে ক্যারিয়ার ফিরে পেয়েছেন বলে জানালেন। ফারিয়া বলেন, যেখানেই যাই সেখানে সবার মুখে মুখে খালি অন্তরা অন্তরা।
রবিবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন ঘোষণা অনুষ্ঠিত হল গুলশানের এক রেস্তোরাঁয়। তার ফাঁকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, সম্প্রতি অন্য এক শুটিং থেকে উবারে ফিরছিলাম। ওই ড্রাইভার ব্যাচেলর পয়েন্টের ফ্যান এবং তার পরিবারের সবাই অন্তরাকে পছন্দ করে। আমি ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা বলে উবারের ভাড়া রাখে নাই। চেষ্টা করেও তাকে ভাড়া দিতে পারিনি। আবদার করে আমার সাথে ছবি তুলেছে এবং তার বউকে ভিডিও কলে আমার সাথে কথা বলিয়েছে।
শুধুমাত্র ‘ব্যাচেলর পয়েন্ট-এ যুক্ত হওয়ার কারণে ফারিয়া শাহরিন প্রায়ই দর্শকদের এমন কাণ্ডের মুখোমুখি হয়ে অবাক হন।
তিনি বলেন, অন্তরার কারণে এতো ভালোবাসা পাই যেজন্য আমি নিজেও অন্তরাকে ভালোবেসে ফেলেছি। আমি যে ফারিয়া শাহরিন, এটাই মানুষ ভুলে গেছে। শুধুমাত্র চরিত্রটিকে বিশ্বাস করে মানুষ ব্যক্তি ফারিয়া শাহরিনকে ভুলে গেছে। শিল্পী হিসেবে আমি মনে করি এটা অনেক বড় অর্জন। আর এই ব্যাচেলর পয়েন্ট আমাকে যে সাফল্য দিয়েছে অন্য কাজে আজ পর্যন্ত পাইনি।
