মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার মাউন্ট মেরী রোডে অবস্থিত বলিউড বাদশা শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’, যেখানে প্রায় প্রতিদিনই হাজারো ভক্তের ভিড় দেখা যায়। এবার তার বাড়ির সামনে এবং শাহরুখের বাড়ির রোডের আশে পাশে দেখা গেলো তার নতুন সিনেমা ‘পাঠান’লুকের একটি পোস্টার, যেটি বানিয়েছেন বাংলাদেশের মাহাদী রহমান তিলক।
শুক্রবার সকালেই মুম্বাইতে অবস্থান করা এক শাহরুখ ভক্ত মাহাদীর বানানো পোস্টারগুলো প্রিন্ট করে ‘মান্নাত’ এর সামনে নিয়ে যান। আর সে ছবিগুলো ইতিমধ্যে শাহরুখের ফ্যান ক্লাবগুলোতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে।
মাহাদী রহমান তিলক বলেন, আমার বানানো পাঠান-এর ফ্যান মেইড পোস্টার মান্নাতে লাগানো হয়েছে। সেখানকার শাহরুখ খানের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। তাদের কাছে নিজে পোস্টারটি বানিয়ে পাঠাই। তারা মান্নাতের দেয়ালে লাগিয়ে দেয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ ফ্যান কমিউনিটিতে ব্যবহার হচ্ছে।
তিনি বলেন, ‘পাঠান’ এর ফ্যান মেইড পোস্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তিনটি। একটি মরক্কোর এক ভক্তের বানানো আর আরেকটা পাকিস্তানের এক ভক্তের বানানো। তাদের সঙ্গে আমারটাও অনেক ভাইরাল হয়েছে। অনেকেই এই পোস্টার ব্যবহার করে সিনেমার প্রমোশন করছেন দেখলাম। আমাকে মুম্বাইয়ের অনেকে ‘মাহাদী জিএফএক্স’ নামে চেনে।
কথা প্রসঙ্গে তিনি জানান, ‘পাঠান’ সিনেমার সহকারি সিনেমাটোগ্রাফার রাজভীর আসারের সঙ্গে আমার কিছু কথা হয়েছিলো। উনি দেখেছিলেন। তেমন বেশি কথা না হলেও তিনি আমাকে সিনেমাটির আপডেট সম্পর্কে জানাতেন।
মাহাদী রহমান তিলক মাদারীপুরের ছেলে। থাকেন ঢাকার মিরপুরে। পড়ছেন দশম শ্রেণিতে। তিনি জানান, ডিজাইনিং নিয়ে তার নেশা অনেক ছোটবেলা থেকেই। ২০১৬ সাল থেকেই তিনি এগুলো শিখে আসছেন। এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার অফিশিয়াল পোস্টার বানিয়েছেন। এছাড়াও প্রায় ১০/১২ টি নাটকের পোস্টার ডিজাইন করেছেন। এর বাইরে ফ্যান মেইড পোস্টার তৈরি করেছেন শতকেরও বেশি।
