বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে হাইকোর্টে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি (দুপুর ২টা) দিন নির্ধারণ করেছেন আদালত।
গেল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেশ কাটতে না কাটতেই গেলো শনিবার (২৬ ফেব্রুয়ারি) এফডিসিতে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন ভোট দিতে এফডিসিতে হাজির হয়েছিলেন আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।
তিনি বলেন, ‘নির্বাচন মানেই পরিবর্তন। একচেটিয়া কেউ ক্ষমতায় থাকলে সেখানে দখলের আধিপত্য চলে আসে। ফিল্ম ক্লাবটি খুব ধীর গতিতে আগাচ্ছে। ক্লাবটির দ্রুত পরিবর্তনের আশা ব্যক্ত করছি।’
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের দ্বন্দ্ব প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ ও নিপুণের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, সেটা তারা নিজেরা বসেই মীমাংসা করতে পারতো। নির্বাচনের পর সবাই কিন্তু এক হয়ে যায়। নির্বাচনে প্রতিযোগিতা করেই পাস করা হয়। ভোটে নির্বাচিত হওয়ার পর এভাবে হাইকোর্ট পর্যন্ত গড়ানোটা আমি সাপোর্ট করি না।’
