দেশের যা বাস্তব অর্জন তা শেখ হাসিনার হাত ধরেই: মতিয়া চৌধুরী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এদেশের যা যা বাস্তব অর্জন তার সবই শেখ হাসিনার হাত ধরে। আর বঙ্গবন্ধু দিয়ে গেছেন বাংলাদেশটাই। তাই শেখ হাসিনার নেতৃত্বে এদেশে যে বার বার সরকার দরকার এটা আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহিদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সাত বছর পর আয়োজিত শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় মতিয়া চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে অপটিক্যাল ফাইবার বন্ধ করে দিয়েছিলেন। তখন নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে তার সিদ্ধান্ত সঠিক ছিল। গ্রামে কথায় আছে, গাধা পানি খায় আংটাইয়া, সেটাই হয়েছে আমাদের বাংলাদেশে। তখন আমরা বিনামূল্যে পাইতাম। পরে টাকা দিয়ে অপটিক্যাল ফাইবার নিতে হয়েছে আমাদের। সবার সাথে যোগাযোগ করতে গেলে অপটিক্যাল ফাইবার লাগবেই, তাই শেখ হাসিনা সারাদেশে অপটিক্যাল ফাইবার করেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা আউট হয়ে যাবে বলেই ওইদিন অপটিক্যাল ফাইবার হতে দেয়নি। অথচ ওই অপটিক্যাল ফাইবার ব্যবহার করে খালেদা জিয়া তার ছেলের সঙ্গে কথা বলতে পারেন, না হলে উনি পারতেন না।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। সম্মেলনে জেলা, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *