তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ৪২ দিনের এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে কালিহাতী উপজেলার হাকিমপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২১ ফেব্রুয়ারি) ভূঞাপুর বাজার থেকে শিশুটি তার মায়ের কোল থেকে নিখোঁজ হয়। এরপর তিনি থানায় বিষয়টি জানালে শিশুটিকে উদ্ধারে নামে পুলিশ। একপর্যায়ে এক ব্যক্তি জানান, টাঙ্গাইল বাসস্ট্যান্ডে এক নারীর কাছে একটি শিশু প্রচন্ড কান্নাকাটি করছে। পরে তাকে বাস শ্রমিক অফিসে নিয়ে যাওয়া হয়।
এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত টাঙ্গাইল বাস শ্রমিক অফিসে উপস্থিত হন। এরপর টাঙ্গাইল জেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক লাভলুর মাধ্যমে শিশুর বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে কালিহাতীর হাকিমপুর গ্রামের এক মহিলা গার্মেন্টস কর্মীর নিকট থেকে শিশুটি উদ্ধার করা হয়।
গার্মেন্টসকর্মী জানান, সে ঢাকা যাচ্ছিল। সেসময় টাঙ্গাইল বাসস্ট্যান্ডে থেকে একটি মহিলা তার পাশে বসে। ফল কেনার কথা বলে বাচ্চাটি তার কোলে দিয়ে সে নেমে পরে। তারপর তাকে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে শ্রমিক অফিসে গিয়ে জানান ও কালিহাতী থানায় একটি জিডি করেন।
ভূঞাপুর থানার এস.আই ফাহিম ফয়সাল বলেন, শিশুটির মা গার্মেন্টস কর্মী। তার বাড়ী উপজেলা ফলদা দিঘুলিপাড়ার শাহাজ উদ্দিনের মেয়ে শাহনাজ (২০)। সে ঢাকার একটি গার্মেন্টসে চাকুরির সুবাধে লালমনিরহাটের একটি ছেলের সাথে তার বিয়ে হয়।
শিশুটির মায়ের তথ্য মতে, কন্যা সন্তান হওয়ায় তার স্বামী তার সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়। সোমবার দুপুরে শিশুকে নিয়ে সে ভূঞাপুর বাজারে কেনাকাটা করতে আসে। কেনাকাটা করার সময় তার কোল থেকে কে বা কারা কৌশলে শিশুটিকে নিয়ে যায়। বিকেলে থানায় এসে বিষয়টি অবগত করেন। কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত চলছে।
