চেয়ারম্যানের চেয়ারে দুই শিক্ষার্থী!

স্কুলে স্কাউটের সদস্য ছিলেন রফিকুল ইসলাম। সেখান থেকেই পেয়েছেন মানুষের পাশে থাকার পাঠ। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে বাড়ি তাঁর। সেখানে প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষজন।

বন্যার্ত মানুষকে খাদ্যসামগ্রী প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন। অসুস্থ মানুষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাও করাতেন। করোনাকালেও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন। এলাকার মানুষের বিপদ-আপদে পাশে থাকার কারণেই খুব সহজে মানুষের আপনজন হয়ে ওঠেন।

এলাকার মানুষের উৎসাহেই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন রফিকুল। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হয়েছেন ২০১৫-১৬ সেশনের এই শিক্ষার্থী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তিনি। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে রফিকুল ইসলাম নৌকা প্রতীকে নির্বাচন করে সাত হাজার ৬২ ভোট পেয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন ছয় হাজার ৭৮ ভোট।

শপথ অনুষ্ঠিত না হওয়ায় এখনো দায়িত্ব বুঝে পাননি তিনি। তিনি বললেন, ‘মানুষ আমার ওপর আস্থা রেখেছে। তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। অলোয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করে যাব।’

অল্প বয়সে চেয়ারম্যান হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সাধারণত এলাকার নানা ধরনের ঝামেলা নিয়ে ইউনিয়নের চেয়ারম্যানদের সালিশ, দেন-দরবার করতে হয়। একদিকে অল্প বয়স, আরেক দিকে এখনো শিক্ষার্থী থাকার কারণে অনেকে সেভাবে কথার মূল্য না-ও দিতে পারে।

এ বিষয়ে তিনি বলেন, ‘মেম্বার, প্রবীণ রাজনীতিবিদ ও মুরব্বিদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। ’

মাহমুদের বাবাও চেয়ারম্যান ছিলেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র মাহমুদ ওমর চিশতী। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ি। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সুরুজ টানা পাঁচবার ইউপি চেয়ারম্যান ছিলেন। চাচাও দুইবার চেয়ারম্যান ছিলেন। তাঁর বড় ভাই বর্তমানে আদিতমারী উপজেলার চেয়ারম্যান।

পরিবারের বাবা, চাচা ও ভাই জনপ্রতিনিধি হওয়ায় তাঁদের দেখে ছোটবেলা থেকেই চিশতী চেয়েছিলেন জনপ্রতিনিধি হতে। জনপ্রতিনিধি হয়ে বাবা ও চাচার অসমাপ্ত কাজগুলো করবেন। সে লক্ষ্যেই চিশতী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন। এরই মধ্যে শপথও নিয়েছেন। তাঁর বয়স মাত্র ২৫ বছর চার মাস।

মাহমুদ ওমর চিশতী ছয় হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন চার হাজার ৭২৩ ভোট।

তিনি বললেন, ‘পুরো পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। তাই এলাকার মানুষজনের সঙ্গেই ছিল মেলামেশা। স্বপ্ন ছিল একদিন নির্বাচিত হয়ে চেয়ারম্যানের চেয়ারে বসব। মাত্র ২৫ বছর বয়সেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার ভালো কাজগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে নেবে।’

(লিখেছেন সজীব আহমেদ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *