জয়কে দিয়ে আমার নামে এসব করানো হচ্ছে: নিপুণ

চিত্রনায়িকা নিপুণ বলেছেন, ‘বিভিন্ন পোস্ট করে আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা ফাইন্ড আউট করেছি। এগুলো জায়েদ খান করাচ্ছেন জয় চৌধুরীকে দিয়ে। টাকার বিনিময়ে কয়টা ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপ থেকে এগুলো করা হচ্ছে।’

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ আনলেন নিপুণ।

তিনি বলেন, ‘হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের ভক্ত দেখা যাচ্ছে। এক সপ্তাহে উনার এত ভক্ত বেড়ে যাওয়ার তো কোনো কারণ নেই। যেহেতু আমাকে অপমান করা হচ্ছে তাই আমি খোঁজ নিয়েছি। এটা জায়েদ খান করাচ্ছেন জয়কে দিয়ে।

ফেসবুক গ্রুপ, ইউটিউব গ্রুপ, টাকা-পয়সা দিয়ে গালি গালাজ করাচ্ছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। এগুলো কইরেন না। আদালতের রায় আছে সামনে। রায়ের আগ পর্যন্ত অপেক্ষা করুন।’

কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না এ বিষয়ে জানতে চাইলে নিপুণ বলেন, ‘সব পদক্ষেপই নেবো। কিন্তু আমার কথা হলো নোংরামির একটা শেষ থাকা উচিত।

তিনি (জায়েদ খান) বলেন যে আমি আইন মানছি না। তিনি কি আইন মানছেন? কাল একটা গ্রুপ থেকে ছড়ানো হলো নিপুণ আক্তার ওরফে নাসরিন গ্রেফতার হয়ে কারাগারে আছে। আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না। এগুলো কেন করছেন। সাবধান করে দিচ্ছি কইরেন না। মাননীয় আদালত কি রায় দেন তার দিকে তাকিয়ে আছি। আপনিও শ্রদ্ধাশীল থাকুন।’

এসময় নিপুণ নায়ক জয়কে উদ্দেশ করে বলেন, ‘জয় তুমি সবেমাত্র সিনেমায় এসেছো। সুন্দর ভবিষ্যৎ তোমার সামনে। এগুলো করো না ভাই। এগুলো আশা করি না তোমার কাছে।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের রেশ এখনো কাটেনি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্বে দুই প্রার্থী এখন উচ্চ আদালতে। ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *