গত মাসে গাজীপুরে ‘মা’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এই নায়িকা।
এদিকে সুস্থ হয়েই ইলিশ খেতে মধ্যরাতে স্বামী শরিফুল রাজকে নিয়ে ছুটে যান মাওয়া ঘাটে। সেখানে গিয়ে স্বামী ও বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠেন নায়িকা। এছাড়া বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবসকে বিশেষ করে রাখতে সারাদিন নিজেদের মতো কাটান ঢাকাই সিনেমার নতুন এই তারকা দম্পতি।
তবে নতুন খবর হলো আবারও ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন পরীমনি। জানা গেছে, মার্চের শুরুতেই কাজ শুরু করবেন তিনি। এরপরই লম্বা বিরতিতে যাবেন পরীমণি।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নজর২৪কে নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি বলেন, সব ঠিক থাকলে মার্চের ২ তারিখে আবারও মা সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। এই লটে টানা ১০ দিন শুটিং চলবে।
অরণ্য আনোয়ার জানান, গত ২৫ জানুয়ারি ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গাজীপুরে যান পরী। ২৬ জানুয়ারি শুটিং শুরু হওয়ার কথা থাকলেও মধ্যরাতে পরীমনির জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। যার ফলে তাকে দ্রুত ঢাকায় হাসপাতালে নেয়া হয়। পরে অসুস্থতার জন্য নির্মাতা শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নেন।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। প্রথম লটের শুটিং চলে ০৫ নভেম্বর পর্যন্ত।
প্রথম লটের চিত্রায়নে অংশ নেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, ফারজানা ছবি, রোবেনা করিম জুই,শিল্পী সরকার অপু, লাবন্য প্রমুখ। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। মা সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া।
উল্লেখ্য, পরীমণি ও রাজ বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে সেটা হয়েছিল চুপিসারে। এরপর গত ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। মূলত মা হওয়ার খবর দেয়ার মাধ্যমেই গত ১০ জানুয়ারি সম্পর্ক-বিয়ের কথা প্রকাশ্যে আনেন নায়িকা।
অন্তঃসত্ত্বা হওয়ার পর পরীমণি নিজেই বলেছিলেন, আগামী দেড় বছর কোনো কাজ করবেন না। এ কারণে তার হাতের ছবিগুলো আটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন পরিচালক-প্রযোজকেরা। পরে বিষয়টি পরিষ্কার করে পরীমনি বলেন, চয়নিকা চৌধুরীর ওয়েব সিরিজ ‘কাগজের বিয়ে’ শেষ করলাম। অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার বাকি কাজও শেষ করব আশা করছি।
