নতুন রূপে ধরা দিলেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমার নাম।

এতে প্রধান এক চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

১৯৩৬ সালে প্রকাশিত সামাজিক এ উপন্যাসের চরিত্রগুলো সাজসজ্জায় কেমন হবে, তা দেখার আগ্রহ ছিল অনেকের। সেই আগ্রহ মেটাতে প্রকাশ করা হয়েছে চরিত্রগুলোর লুক।

সিনেমার উপন্যাসের কুসুম চরিত্রে দেখা যাবে জয়াকে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তার লুক।

গামছায় প্যাঁচানো চুল, হাতে শাঁখা-পলা আর ব্লাউজহীন শাড়ি পরা জয়াকে কুসুমদের যুগের করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।

সিনেমায় শশীর চরিত্রে দেখা যাবে আবীরকে। কুমুদের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। দুজনের লুকই এর মধ্যে প্রকাশ হয়েছে।

জয়া আহসান বলেন, “মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র অন্যতম প্রধান চরিত্র কুসুম। যে কোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের এক চরিত্র। উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি চিত্রনাট্যও দারুণ হয়েছে।

সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। টানা ২৫ দিন সিনেমার দৃশ্যধারণ হবে। আশা করছি সব মিলিয়ে ভালো হবে।”

‘পুতুলনাচের ইতিকথা’ ছাড়াও জয়া ব্যস্ত বঙ্গভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘কালান্তর’ সিনেমার কাজ নিয়ে। শিগগিরই ঝাড়খণ্ডে ‘কালান্তর’-এর দ্বিতীয় ধাপের দৃশ্যধারণে অংশ নেবেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *