শুটিংয়ের চেয়ে বাস্তব জীবন অনেক বেশি কঠিন: তিশা

প্রায় বছর হতে চলল অভিনয়ে নেই নুসরাত ইমরোজ তিশা। পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে প্রথমবার মা হলেন ৫ জানুয়ারি।

বরাবরই অভিনয়ে তুমুল ব্যস্ততা তিশার। অনেকে ভাবতে পারে, মা হওয়ার পর হয়তো একটু ফুরসত মিলেছে, ব্যস্ততাহীন জীবন কাটানোর সুযোগ পেলেন।

তিশার মতে জীবনের সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখনই, ‘বাচ্চার দেখাশোনা বা বেড়ে ওঠার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটা শুটিংয়ের চেয়ে অনেক বেশি কঠিন। তবে এর মধ্যে একটা আনন্দও আছে। যাঁরা মা-বাবা তাঁরাই এটা ভালো অনুভব করতে পারবেন। আমাদের দুজনেরই একদম নতুন অভিজ্ঞতা। ওর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি। ’

কন্যার ‘ইলহাম নুসরাত ফারুকী’ নামটা রেখেছেন ফারুকী। মা-বাবার নামের সঙ্গে যুক্ত হলো ইলহাম। তিশা বলেন, ‘ইলহাম অর্থ অনুপ্রেরণা। অনেক নাম খুঁজে বের করা হয়েছিল। তার মধ্যে ওর বাবার দেওয়া নামটাই সবার বেশি পছন্দ হয়েছে। ’

প্রতিদিন ইলহামকে নতুনভাবে আবিষ্কার করছেন তিশা। ইলহামও মাকে নতুনভাবে আবিষ্কার করছে। এই আনন্দের সময় জীবনে বারবার আসে না, ‘রাত জেগে কাটাচ্ছি। হয়তো আমি একটু ঘুমাচ্ছি, ওর বাবা তখন ওকে কোলে নিয়ে হাঁটছে। সেটাও মনে হচ্ছে আমাদের কাছে অনেক আনন্দের। ’

অনেকের ধারণা, বাচ্চা পালন শুধু মায়ের কাজ। তিশা তা মানেন না, ‘এটা বাবারও কাজ। সরয়ার সেটা খুব ভালোভাবেই করার চেষ্টা করছে। ও পৃথিবীতে আসার আগে আমরা দুজনই তুমুল ব্যস্ত ছিলাম। আমরা আস্তে আস্তে ব্যস্ততা কমিয়েছি। সরয়ার যতটা পারে এখন বাসায় থেকেই কাজ করে। নিজের কাজ অনেকটা স্বাধীনভাবেই করতে পারে। দুজনের জন্যই নতুন অভিজ্ঞতা।

সরয়ার শিখছে প্রতিটা মুহূর্তে কিভাবে ভালো বাবা হওয়া যায়, আমার আপ্রাণ চেষ্টা ভালো মা হওয়ার। মা-বাবার দায়িত্ব পালন করা পৃথিবীর শ্রেষ্ঠ সময়, সব মা-বাবাই এ কথা বলবে। আমি তো ২৪ ঘণ্টাই আছি, সরয়ার তার কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছে, কাজটাকে তাড়াতাড়ি শেষ করে ইলহামকে সময় দিচ্ছে। এর মধ্যে দেশের বাইরে দুইবার গিয়েছিল সরয়ার। তবে সেটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। ইলহামকে ছেড়ে এখন বাইরে বেশিদিন থাকতে পারছে না। মিটিং করছে বাসায় বসেই। ওর ছবি তুলছে, কোলে নিয়ে হাঁটছে—এসবই এখন তার সবচেয়ে বড় কাজ। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *