শাবনূর অভিনীত ব্লকবাস্টার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিকুয়েলে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামের ছবিটি মুক্তির পর কয়েকটি হলে হাউসফুল যাচ্ছে বলে খবর। এ খবরে উচ্ছ্বসিত ছবির নায়িকা অপু বিশ্বাস। কলকাতা থেকে জানালেন, তিনি খুব খুশি।
ছবিটিতে অভিনয় করতে গিয়ে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে আলোচনা করেছেন কিনা প্রশ্নে অপু বিশ্বাস জানালেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি দেখেই এর সিকুয়েলে অভিনয়ে নিজেকে প্রস্তুত করেন। এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ঢাকার চলচ্চিত্রে একমাত্র শাবনূর আপাই আমার কাছে অভিনয়ের রানি। চোখ, মুখ, নাকের—ও মাই গড, সে কী অভিনয়! শাবনূর আপার জীবন সংসার দেখেই আমি নায়িকা হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে আমি নাচ করতাম। কিন্তু ওই ছবিতে শাবনূর আপাকে দেখার পর নায়িকা হওয়ার সাধ হয়েছিল। বলতে পারেন, শাবনূর আপার কারণেই আমি আজ অপু বিশ্বাস।
তিনি বলেন, যখন তাঁকে জানালাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ–এর সিক্যুয়ালে আমি অভিনয় করতে যাচ্ছি, তিনি বলছিলেন, ‘করো করো, তুমি ভালো করতে পারবা।’ আমি বললাম, ‘তোমার চেয়েও?’ বললেন, ‘আমাকে না টপকাতে পারলে কিসের অভিনেত্রী তুমি?’ তখন আমি বললাম, ‘আপা, কোনো সমস্যা হলে শিখিয়ে দিও।’ শাবনূর আপা তখন মজা করে বলছিলেন, ‘অবশ্যই দেব। তবে হিরোকে পাঠিয়ে দিও, তাহলে ভালো করে সাহায্য করব। হা হা হা…।’
অপু বলেন,দেশে ফিরে বগুড়ার মধুবন সিনেমা হলে যাব। ওই হল থেকে আমাদের পুরো টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা ছাড়া বগুড়া আমার নিজের জেলা। নিজের শহরের দর্শকের সঙ্গে বসে সবাই ছবিটি উপভোগ করব। এরপর ঢাকায় এসে কয়েকটি হলে যাওয়ার ইচ্ছা আছে।
