হঠাৎ দুঃসংবাদ দিলেন চিত্রনায়িকা নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন নিয়ে চেম্বার আদালত দেওয়া স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের জারি করা রুল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেন। তবে এরই মধ্যে খবর এল জ্বরে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

জানা যায়, সোমবার দুপুরে আদালতের শুনানির পরপরই করোনার তৃতীয় ডোজ বা বুস্টার নিয়েছেন নিপুণ। আর এ জন্যই তার জ্বর এসেছে।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘বুস্টার ডোজ শরীরে নেওয়ার পর থেকেই আমার খারাপ লাগছে। প্রচণ্ড জ্বরে শরীর কাঁপছে। সেই সঙ্গে টিকা গ্রহণ করা হাতে প্রচণ্ড ব্যথা করছে। এর সঙ্গে মাথাব্যথা ও বমিও হয়েছে কয়েকবার। কোনো কিছুতেই কমছে না। আগে জানা থাকলে আদালতের কাজ শেষ করে তারপর ডোজ নিতাম। কিন্তু বুঝতে পারিনি এমন ব্যথা উঠবে বুস্টার ডোজে। আমাকে কালকেও এ জ্বর শরীর নিয়ে আদালতে যেতে হবে।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে ৫ ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করেন।

এরপর আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান। আপাতত নিজেদের পদ পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন জায়েদ ও নিপুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *