মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে পুলিশ সদস্য আটক

কক্সবাজার- কক্সবাজারে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক সদস্য। এসময় তার কাছ থেকে একটি ছুরি, জাতীয় পরিচয়পত্র, পুলিশের পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

বিকেল সাড়ে ৫টায় উখিয়ার পালংখালী ইউপি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম নিরঞ্জন দাস (২৪)। তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কনস্টেবল পদে কর্মরত।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘১২নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ নামে এক রোহিঙ্গার মোবাইল ছিনতাই করতে গিয়ে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তি আটক করে জনতা। ঘটনাস্থলে গিয়ে তার কাছে পুলিশের পরিচয়পত্র দেখে জানতে পারি তিনি ক্যাম্পে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের (এপিবিএন) একজন সদস্য। এরপর ১৪ এপিবিএন এর অধিনায়ককে বিষয়টি অবগত করি। তিনি ফোর্স পাঠালে তাদের কাছে নিরঞ্জনকে সোর্পদ করি।’

এ বিষয়ে ১৪ আমর্ড পুলিশের পুলিশ সুপার নাঈমুল হক জানান, কিছুদিন আগে নিরঞ্জন দাস ছুটিতে যান। এরপর তিনি কর্মস্থলে পুনরায় যোগদান করেননি। তাকে বেশ কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল। ছিনতাইয়ের অভিযোগে আজ জনতার হাতে তিনি আটক হন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *