‘আমাদের দেশের মানুষ নির্বাচনমুখী। যারা হেরে যায় তারা নির্বাচনের পর নানান অভিযোগ তোলেন। এটা বাঙালির জাতিগত সমস্যা। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমার বিবেক জানে আমি সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন করেছি।’
শিল্পী সমিতির নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে এফডিসির ১৭ সংগঠন। তাকে নিয়ে কেউ যেনো সিনেমা না করেন, সে আহ্বানও জানান। তবে এসব কিছুই গুরুত্ব দিচ্ছেন না পীরজাদা হারুন।
শুক্রবার সন্ধ্যায় পীরজাদা বলেন, ‘কিসের অবাঞ্ছিত, আমি মাত্র শুটিং করে এলাম। আমার মুখে মেকাপ দেওয়া আছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ ছবির শুটিং করেছি। আমি অবাঞ্ছিত হলে শুটিং করতাম কীভাবে?’
রাজধানীর শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠানে পীরজাদা হারুন আরও বলেন, ‘কোনো গঠনতন্ত্রে নেই অবাঞ্ছিত করা যাবে। সুতরাং অবাঞ্চিত করা নিয়ে কোনো চিন্তা করছি না।’
তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা আবেগি। তার আবেগে বয়কট করে। আবার কাজেও নেয়। আমার আগে শাকিব খানকে বয়কট করেছিলেন। তার আগে একাধিক শিল্পীদের অবাঞ্ছিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। তাই অবাঞ্ছিত করা হয়েছে শুনে আমার মোটেও খারাপ লাগছে না।’
