করোনার প্রথম ঢেউয়ের বিপরীতে দাঁড়িয়ে একটু একটু করে যুদ্ধ জয়ের মতো ছিল ইফতেখার শুভর শুটিং বিষয়টি।
অবশেষে শুটিং শেষ করে আনকাট ছাড়পত্র পেলেন চলতি বছরের ১৭ জানুয়ারি। পরিচালক প্ল্যান করলেন, বিলম্ব না করে ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে তুলতে। পারলেন না তখনও। এলো করোনার নতুন ঢেউ ওমিক্রন। বন্ধ হলো প্রেক্ষাগৃহ।
অবশেষে সিদ্ধান্ত হলো, ৪ মার্চ বহুল আলোচিত ‘মুখোশ’ পর্দায় উঠবেই। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্মাতা-প্রযোজক ইফতেখার শুভ এই সিদ্ধান্তটি নিশ্চিত করেন।
বলেন, ‘যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণ হার এক বা দেড় পার্সেন্ট কমছে, সে হিসাবে এ মাসের শেষ নাগাদ এই হার ৫%-এর নিচে নেমে আসবে। সেই হিসাব করেই তারিখটি চূড়ান্ত করেছি।’ সেই লক্ষ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হচ্ছে ১৮ ফেব্রুয়ারি।
সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় ক্রাইম রিপোর্টার চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পরীমনি। তিনি ছাড়াও মোশাররফ করিম, জিয়াউল রোশানসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
