২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। যেটার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। শহর থেকে গ্রাম সবখানে এই সিনেমার আবেদন ছড়িয়ে পড়েছিল।
দুই দশক পর এবার মুক্তি পেল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি প্রদর্শিত হচ্ছে এটি। তবে এবার রিয়াজ-শাবনূর নন, দেবাশীষ জুটি করেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরীকে।
যদিও নির্মাতা জানিয়েছেন, এটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নয়। সম্পূর্ণ নতুন গল্পে এটি নির্মিত হয়েছে। কেবল নামে মিল রয়েছে দুটি সিনেমার মধ্যে।
নতুন সিনেমা নিয়ে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
প্রশ্ন: অনেকদিন পর ভালোবাসা দিবসে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?
অপু বিশ্বাস: নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই একটা উৎসবের আমেজ তৈরি হয়। এবার ভালোবাসা দিবসে আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। আরো ভালোবাসাময় হয়ে উঠবে এবারের ভালোবাসা দিবস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি দর্শকদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবে। অনেকদিন পর বড়পর্দায় আমার উপস্থিতি অনেক আনন্দের।
প্রশ্ন: দর্শক কেন এই সিনেমা দেখবে?
অপু বিশ্বাস: দেবাশীষ বিশ্বাস একজন ভালো পরিচালক। অনেক যত্ন করে কমেডি ও ভালোবাসার মিশ্রণে দুর্দান্ত একটা গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ করেছেন। বাপ্পীর সঙ্গে জুটি বেঁধে প্রথম অভিনয় করেছি। এই কারণে দর্শকরা সিনেমাটা দেখবে বলে আমার বিশ্বাস।
প্রশ্ন: নায়ক হিসেবে আপনার বিপরীতে বাপ্পীকে কেমন মনে হয়েছে?
অপু বিশ্বাস: ভালোই তো। অভিনয়, নাচে অনেক মনোযোগী একজন নায়ক। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। সেটা দর্শক পর্দায় প্রমাণ পাবে বলে আমার বিশ্বাস।
প্রশ্ন: আপনার সঙ্গে বাপ্পীর প্রেমের কথা শোনা গিয়েছিল এই সিনেমার শুটিংয়ের সময়।
অপু বিশ্বাস: এটা আর নতুন কী? গুঞ্জন ছাড়া আর কিছু নয়। প্রেম থাকলে এখনো সেটা নিয়ে মানুষ কথা বলতো। বুঝতেই পারছেন বিষয়টা সত্য ছিল না।
প্রশ্ন: এই সিনেমার শুটিংয়ে স্মরণীয় কোনো ঘটনা?
অপু বিশ্বাস: প্রয়াত সাদেক বাচ্চু আঙ্কেল অভিনীত শেষ সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তাকে বাবার মতো দেখতাম। অনেক শ্রদ্ধা আর আদর মেশানো ছিলো সম্পর্কটা। বারবার তার কথা মনে হচ্ছে। শুটিংয়ের অবসরে অনেক বিষয় নিয়ে কথা বলতাম তার সঙ্গে। যতবার তার কথা ভাবছি, চোখটা ভিজে আসছে।
প্রশ্ন: রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা অনেক আলোচিত হয়েছিল। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কি সেই সিনেমাকে ছাড়িয়ে যাবে?
অপু বিশ্বাস: সেই সিনেমার জুটিকে ক্রস করার মতো সাহস আমাদের নেই। এটা কিন্তু ওই সিনেমার সিক্যুয়েল মোটেও না। এটা একেবারে নতুন একটা গল্পের সিনেমা। দর্শক দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন বলে আশা করছি।
