Home বিনোদন চার বছর পর ‘শ্বশুরবাড়ি’তে অপু বিশ্বাস!

চার বছর পর ‘শ্বশুরবাড়ি’তে অপু বিশ্বাস!

0
237

শিরোনাম পড়ে নায়িকার ব্যক্তিজীবন মেলানোর কিছু নেই। ২০১৮ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার শুট শুরু করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ চার বছর পর অবশেষে আগামীকাল ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। সেই হিসাবে, চার বছর পর ‘শ্বশুরবাড়ি’ যাচ্ছেন অপু বিশ্বাস।

দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটি আরও আগে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারনে তা পেছানো হয়েছিল।

২০০০ সালে পরিচালকের প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আগের কিস্তিতে অভিনয় করেছিলেন শাবনূর ও রিয়াজ।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির ঘোষণা দিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, এটি তেমনই একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকেরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন, ছবিটি উপভোগ করবেন।’

তিনি বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। আমরা তাঁকে বিশেষভাবে স্মরণ করছি।’

অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, সাদেক বাচ্চু ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আসন্ন ভালোবাসা দিবস ও ফাল্গুন আমার জন্য খুব স্পেশাল। এবার আমার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে অনেকদিন পর আমার কোনো সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

১১ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি পরিপূর্ণ একটি ‘বাংলা ছবি’ বলে জানালেন অপু। তিনি বলেন, ‘আমি কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিই না। কারণ, চ্যালেঞ্জ নিলে সেই কাজে জয়-পরাজয়ের ব্যাপার চলে আসে। আমি কাজটার মাধ্যমে সবসময় সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করি।’

শূন্য দশকের শুরুতে রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি একটি মাইলফলক। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কি আগের ছবির সাফল্য টপকাতে পারবে? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আগের জুটিকে ক্রস করার মতো সাহস আমাদের নেই।’

অপু বলেন, তারা বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় পার্সোনালিটি। তাদের টপকানোর সাহস আমাদের নেই। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যিনি বানিয়েছিলেন তারই বানানো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে এটি সিক্যুয়েল নয়। পর্দায় যখন দর্শক দেখবেন তখন পার্থক্যটা বুঝবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here