মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শালবনে শিয়ালের কামড়ে বনরক্ষীসহ ৫ জন আহত হয়েছেন। এসময় ভ্রমণ পিপাসুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের শালবন ইকো ট্যুরিজম পার্কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শালবন ইকো ট্যুরিজমের বনরক্ষী খায়রুল ইসলাম (৪৫), শালবন এলাকার আঃ জলিল (৭০), রমিচা (৫৫), বিনদ চন্দ্র বর্মন (৫৫), জাহানারা বেগম (৫০)।
স্থানীয়রা জানান, শালবন ইকো ট্যুরিজম পার্কে গাছের পরে থাকা শুকনো পাতা সংগ্রহ করতে যাওয়া স্থানীয় এক নারীর ওপর হঠাৎ করে একটি শিয়াল আক্রমণ করে। তার চিৎকারে বনরক্ষী খায়রুল এগিয়ে এলে তাকেও কামড় দিয়ে আহত করে। পরে ওই শিয়াল একে একে ৫ জনকে কামড় দিয়ে আহত করে।
খবর পেয়ে স্থানীয়রা সংঘবদ্ধভাবে ভিতরে ঢুকে আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
