শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম ও অশিল্পীসুলভ আচরণে চলচ্চিত্রের কাজ থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক জায়েদ খান! মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে চলচ্চিত্র পাড়ায় এমন খবর শোনা যাচ্ছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে এফডিসিতে ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নেয় তারা!
বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।
১৮ সংগঠনের বেশ কয়েকজন নেতা জানান, জায়েদ খানের একটি বিষয় আদালতে রায়ের অপেক্ষায় থাকায় আপাতত কোনো সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না।
বিচারাধীন কোনো বিষয়ে সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আগে আদালতের প্রক্রিয়া শেষ হোক। তারপর আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব।





