ঢাকা- রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
তিনি বলেন, আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। আর সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকায়। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা।
তাকসিম এ খান বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।
গত বছরের ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল। যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়।
২০২০ সালের এপ্রিলেও পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। তখন আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের অগাস্টে পানির দাম বাড়ায় ওয়াসা।
সংবাদ সম্মেলনে ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমারসহ সংস্থাটির পরিচালক উন্নয়ন আবুল কাশেম উপস্থিত ছিলেন।
