অভিনেত্রী সারিকার বিয়ে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী

টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন আবার বিয়ে করেছেন। তার স্বামী বি আহমেদ রাহী। তিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত।

ভালোবেসেই বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন ও ব্যবসায়ী মাহিম করিম খান। ২০১৪ সালের আগস্টে বিয়ে করেন তারা।

সুখের সংসারে এক বছরের মাথায় মাহিম-সারিকার ঘরে কন্যাসন্তান আসে। কিন্তু কোনো এক অজানা কারণে ২০১৬ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির।

ব্যক্তিগত জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আবারও শোবিজে ঘুরে দাঁড়ান সারিকা। অন্যদিকে ব্যবসায়ী মাহিম করিমও মডেলিংয়ের খাতায় নাম লেখান।

হঠাৎ জানা গেলো গত ২ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী সারিকা। বড় আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। একইসঙ্গে দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক। পারিবারিকভাবে এই বিয়ে হয়েছে।

বিষয়টি নিয়ে অভিনেত্রীর সাবেক স্বামী মাহিম করিম খান সংবাদমাধ্যমকে বলেন, সারিকার নতুন জীবনের জন্য সব সময় শুভ কামনা থাকবে। আমি তার সুন্দর জীবন প্রত্যাশা করি।

বিয়ের কথা কবে জেনেছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরদিনই জেনেছি। ওর (সারিকা) সঙ্গে আমার কথা হয়েছে। জানার পর পরই তাকে অভিনন্দন জানিয়েছি। ও আমার মেয়ের মা। সন্তানের জন্য আমাদের দুই পরিবারের একটা ভালো সম্পর্ক রয়েছে। হয়তো ব্যক্তিজীবনে আমরা আলাদা হয়েছি। মানুষের জীবনে অনেক কিছুই হয়। তবে ওর প্রতি আমার সম্মান সব সময় থাকবে।

৭ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সে সংসারে তার একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। দুজনের বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজন পরিচালিত ‘ক্যামেলিয়া’ শিরোনামের নাটক ছিল তার প্রথম টিভি ফিকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *