জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়। অভিনেত্রীর আবেদনের ওপর শুনানি বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে হবে।
এদিন আপিল আবেদন শুনানির জন্য আদালতের কার্য তালিকায় তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা শুনানির জন্য বুধবার (৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়। শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
নিপুণের পক্ষ থেকে তার আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে এ আবেদন করেন।
এর আগে সোমবার সকালে জায়েদ খান তার বিরুদ্ধে নেওয়া নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এ দিনই শুনানি শেষে হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে সপদে বহাল থেকে কাজ চালিয়ে চাওয়ার আদেশ দেন। একই সঙ্গে চিত্রনায়িকা নিপুণের পদ স্থগিত করেন।
এছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের আপিল বোর্ডকে সেই রুলের জবাব দিতে বলা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ ঘোষণা দেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
