Home বিনোদন অপু-বাপ্পীর প্রেমের গল্প আমেরিকায়!

অপু-বাপ্পীর প্রেমের গল্প আমেরিকায়!

0
137

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী চার বছর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র শুটিং করেছিলেন। তবে নানান কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। ফলে সিনেমায় অপু-বাপ্পীর প্রেমও দেখতে পারেননি দর্শক।

অবশেষে দুই তারকার ভক্তদের জন্য এলো সুখবর। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তার একদিন পরেই ১২ ফেব্রুয়ারি নিউইয়র্কের বোম্বে থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার হবে। সেখানকার স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপভোগ করা যাবে বড় পর্দায় অপু-বাপ্পীর প্রেমের গল্প!

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখতে চায় এটি তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন।’

রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

এর আগে ২০০০ সালে তখনকার সুপারহিট জুটি রিয়াজ আহমেদ ও শাবনূরকে নিয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। সেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে জুটি বানিয়ে নির্মাণ করলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। একই নামে দুটি সিনেমা হলে সেটাকে সাধারণত সিক্যুয়েল বলে।

কিন্তু ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’কে কোনোভাবেই সিক্যুয়েল বলতে নারাজ দেবাশীষ বিশ্বাস। তার দাবি, ‘এটা কোনো সিক্যুয়াল নয়, রিমেক নয়, এমনকি পুনর্নির্মাণও নয়। এবারের ছবির সঙ্গে আগেরটির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। তা ছবিটি দেখলেই বোঝা যাবে।’ এই পরিচালক সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরাধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here