ঢাকা- রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়নের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন করে দুবাই ও সিঙ্গাপুরের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে। ’
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্ত্রী চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসা কেন্দ্র, ওষুধ সংরক্ষণ স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রাণীর খোঁজখবর নেন এবং তাদের খাবার ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের বিনোদনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার আধুনিকায়ন করে সিঙ্গাপুর ও দুবাই এর মানে উন্নীত করার জন্য আমরা মাস্টারপ্ল্যান করছি। ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যাদের প্ল্যান আগামী মার্চ মাসের মধ্যে পাওয়া যাবে। এ প্ল্যানের মাধ্যমে অত্যাধুনিক চিড়িয়াখানা গড়ে তোলা হবে।’
গত ২৫ জানুয়ারি অ্যানথ্রাক্সে সংক্রামিত হয়ে একটি সিংহী মারা যায়। এ প্রসঙ্গে প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম বলেন, ‘এখানে একটি প্রাণী তাৎক্ষণিকভাবে মারা গেছে। এটির ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এনেছি। প্রতিবেদনে সংক্রমণের কথা বলা হয়েছে। প্রয়োজনে তৃতীয় প্রতিবেদন আনা হবে এবং তাতেও সন্তুষ্ট না হলে প্রয়োজনে দেশের বাইরে প্রতিবেদনের জন্য পাঠানো হবে। ’
চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম নেওয়া নতুন দুটি বাঘ শাবকের নিরাপত্তা ও জীবাণু থেকে সুরক্ষায় মাছি বা অন্য কোনও প্রাণী যাতে বাঘের খাঁচায় প্রবেশ করতে না পারে. সে ব্যবস্থা নেওয়ার হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রী।
চিড়িয়াখানার যেকোনও বিষয়ে ত্রুটি-বিচ্যুতি থাকলে তা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনার জন্য এ সময় গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান মন্ত্রী।
