জায়েদ খানের প্রার্থিতা বাতিল, নিপুণ বিজয়ী

নানা বিতর্কের পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সাধারণ সম্পাদকের এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণ আক্তারকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এ ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। এছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদও বাতিল করা হয়।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপূণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন।

এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এজন্য শনিবার বিকালে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপূণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এর মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান ঘটতে যাচ্ছে। তবে আপিল বোর্ডের এ রায় মেনে নিয়েছেন কি না সে বিষয়ে জায়েদ খানের মন্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *