ড্রোনের আঘাতে গুরুতর আহত টয়া, কপালে ১০টি সেলাই

নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের একটি নাটকের শুটিং চলছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে অভিনয় করছিলেন তামিম মৃধা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বস্ত একটি সূত্র জানায়, শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন উড়ানো হয়েছিল। শট নেওয়ার এক পর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের উপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত ঝড়তে শুরু করে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

জানা যায়, একটুর জন্য টয়ার চোখ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। চোখের কিছুটা উপরে এবং কপালের নিচের অংশে প্রায় ৮-১০টি সেলাই লেগেছে। এই তারকা বর্তমানে বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।

বিষয়টি নিয়ে টয়ার সঙ্গে কথা বলতে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এছাড়া পরিচালক রাসেল শিকদারকে কল করা হলে তিনিও কোনো সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *