রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর আলীকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত (২ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যা রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত আকবর আলী সদর উপজেলার ১০নং সায়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, আকবর হোসেন তার বাড়ির পাশেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এটা পরিকল্পিত হত্যাকান্ড বলেও তিনি দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মোঃ সিদ্দিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যারাতে রান্ধুনীবাড়ী বাজারে এক যুবদল নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার নাম আকবর আলী, স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনার পর রান্ধুনীবাড়ী বাজারের সকল ব্যবসায়ীরা ভয়ে দোকান পাট বন্ধ করে পালিয়ে গেছে বলেও জানা যায়।
