রাবি শিক্ষার্থী নিহত: সেই ট্রাকচালক আটক

রাজশাহী- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে চাপা দেয়া ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। নগরীর কাশিয়াডাঙ্গার বালিয়া থেকে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত চালকের নাম মো. টিটু মিয়া (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।

ট্রাকচালককে আটকে বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ট্রাকচালক টিটু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান চারুকলা অনুষদের শিক্ষার্থী হিমেল। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।

আজ বুধবার বেলা ১১টায় হিমেলের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা ১১টার দিকে তাঁর মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশে রওনা হন মা ও মামা। সঙ্গে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৮টি বাসে করে শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মাহমুদের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে আনা হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *