পরীমণির জ্বর!

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি।

এদিকে, পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। তিনি বলেন, ‘জ্বর, সর্দি, ঠান্ডা নিয়ে গত ২৭ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরীমণি। এজন্য আদালতে হাজির হতে পারেননি। আমরা সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করছি।’

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান এসব তথ্য জানান।

গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো. কবীর হোসেন হাওলাদার।

গত বছরের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরে পরীমনিকে গ্রেপ্তার করে তিন দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *