Home বিনোদন তুমি কীভাবে আমার নেতা হবে?: নিপুণকে বললেন মুনমুন

তুমি কীভাবে আমার নেতা হবে?: নিপুণকে বললেন মুনমুন

0
332

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান চিত্রনায়িকা মুনমুনকে ভোটের দিন টাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভোটের পরদিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়েদ খান ও মুনমুনের কুশল বিনিময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অভিযোগ তোলা হয়, জায়েদ খানের কাছ থেকে টাকা নিয়ে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে রেখেছেন মুনমুন।

এ বিষয়ে কথা বলতেই সোমবার সন্ধ্যার পর জায়েদ খানের সঙ্গে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন মুনমুন। সেখানে তিনি জায়েদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দেন।

জানান, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকার নোট নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। আর জায়েদ তাকে টাকা নয়, তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুনমুন বলেন, ‘‘আমি যখন এফডিসিতে ঢুকি তখন শাহানূরের সঙ্গে দেখা হয়। সে আমার কাছে ভোট চায়। এরপর কথা হয় জেসমিনের সঙ্গেও। তাদের দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। আমি তাদের বলি, ‘ভোটের বিষয়ে চিন্তা করতে হবে না।’ এরপর দেখা হয় জায়েদের সঙ্গে। সে এগিয়ে এসে আমার হাতটি ধরে। আর তাদের প্যানেলের পোস্টারটি ধরিয়ে দেয়। আপনারা দেখবেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমি অপর হাতে ব্যাগ খুলে কিছু একটা রেখেছিলাম। এটা ছিল আমার কালো মাস্ক, টাকা নয়।’’ এসময় তিনি তার হাতে রাখা সার্জিক্যাল কালো মাস্ক সবাইকে দেখান।

মুনমুন আরও বলেন, ‘২০০৯ সালে আমি নির্বাচন করেছি, ইসিতে। আমাদের মধ্যে কখনোই টাকার বিষয়টি আসেনি। আমি খুবই দুঃখিত যে, ইউটিউব ব্যবসায়ীরা কয়টা টাকা কামাতে আমাদের সম্মান শেষ করে দিচ্ছে। আর ইউটিউবারদের মতো ব্যবসায়ীদের কথা নিপুণ কেন বিশ্বাস করবে?’

জায়েদ খান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘আমি নিজেও জায়েদের নামে অ্যালিগেশন শুনেছি। কিন্তু রিয়েলিটি হলো পেন্ডামিকে আমাদের পাশে দাঁড়িয়েছিল জায়েদরা। আমার খাদ্যদ্রব্যের প্রয়োজন নেই। কিন্তু তাও জায়েদ-মিশা ভাইয়েরা গিফট করেছেন। একটা কথা, জায়েদ শিল্পীদের ওপরে আঙুলে তোলেনি। সে-ই তো নেতা হবে। আর তুমি নিপুণ আমাকে দেশের মানুষের সামনে কালার করলে। তাহলে তুমি কীভাবে আমার নেতা হবে? আমি তোমার ওপর বিশ্বাস করবো কীভাবে? আমি তো তোমাদের শিল্পীদের একজন।’

সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, ভোট কেনার অভিযোগ মিথ্য এবং স্ক্রিনশট সুপার এডিটেড। তিনি বলেন, তাকে হেয় করতেই এগুলো করা হয়েছে। এর বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে মামলা করবেন বলেও জানান এই অভিনেতা।

মামলার বিষয়ে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, এই ঘটনায় তিনি যে মামলা করবেন সেখানে অভিনেত্রী নিপুণ হবেন প্রধান আসামি। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে যারা নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানান তিনি। জায়েদ খান আরও বলেন, আজ সোমবার রাতে বা আগামীকাল মঙ্গলবার তিনি সেই মামলা দায়ের করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here