বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- ওয়েব ২.০ ছাড়িয়ে এখন আমরা ওয়েব ৩.০ তে প্রবেশ করছি। ওয়েব ৩.০-এর মূল প্রতিপাদ্যই হলো একজন ইন্টারনেট ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা। অনলাইনে নিজের কার্যাবলির ওপর শতভাগ পর্যবেক্ষণের ক্ষমতা। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ওয়েব ৩.০-এর দিকে ঝুঁকছে। ব্যাবসায়িক দৃষ্টিকোণ থেকেই গ্রাহকের আস্থা অর্জনকে প্রাধান্য দিচ্ছে।
এদিকে গ্রাহকের তথ্য বিক্রি ও সুরক্ষা দিতে না পারার অভিযোগ রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুকের বিরুদ্ধে। তবে ‘মেটা’ নামে আত্মপ্রকাশের পর তারাও গ্রাহকের সুরক্ষার দিকটি বিবেচনা করছে। মেটাভার্সের জগতে গ্রাহক সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল টেকভাইরালের প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’ তাদের মেসেঞ্জার সার্ভিসে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ফিচার যুক্ত করেছে। এ ছাড়া স্ক্রিনশট শনাক্তকরণ প্রযুক্তি, মেসেজ রি-অ্যাকশন ও টাইপিং ইন্ডিকেটর ফিচারও যুক্ত করেছে।
তবে এসব ফিচার নিজে থেকে চালু হবে না। একজন গ্রাহককে সেটিংসে গিয়ে এই অপশন চালু করতে হবে।
মেসেঞ্জার সার্ভিসে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তি চালু করার মানে হলো, কোনো মেসেঞ্জার ব্যবহারকারী অন্য কোনো মেসেঞ্জার গ্রাহককে বার্তা পাঠালে শুরুতেই তার দুর্বোধ্য ও খোলা চোখে অর্থহীন সাইফার টেক্সটে পরিণত হবে। এর পর প্রাপকের কাছে যাওয়ার আগে এটি ডিক্রিপ্ট হয়ে প্রেরকের বার্তাটি ফুটিয়ে তুলবে। ফলে প্রেরক ও প্রাপকের মধ্যেই শুধু এ বার্তার এক্সেস থাকবে। ফলে তৃতীয় কোনো ব্যক্তি নজরদারির চেষ্টা করলে সে শুধু সাইফার টেক্সটই পাবে। যার অর্থ তার কাছে বোঝা সম্ভব হবে না।
এ ছাড়া মেসেঞ্জার স্ক্রিনশট শনাক্তকরণ ফিচার নিয়ে এসেছে। ফলে কোনো ব্যক্তি যদি মেসেঞ্জারের বার্তার স্ক্রিনশট নেয় কিংবা স্টোরিতে দেয়া ছবির স্ক্রিনশট নেয়, তবে সঙ্গে সঙ্গে মেসেঞ্জার ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও ডিলিট করা মেসেজের স্ক্রিনশট রাখলেও নোটিফিকেশন চলে যাবে- এমন ফিচার সামনের কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক চালু করতে যাচ্ছে। এতে ব্যক্তিগত মেসেজের স্ক্রিনশট ফাঁসের প্রবণতা কমবে।
তবে এই ধরনের স্ক্রিনশট শনাক্তকরণের ফিচার স্ন্যাপচ্যাটে আগে থেকেই চালু ছিল। স্ন্যাপচ্যাট হলো স্ন্যাপ ইনকরপোরেশনের তৈরি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি প্ল্যাটফর্ম, যা তরুণদের মাঝে অত্যধিক জনপ্রিয়।
মার্ক জুকারবার্গ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় বলেন, ‘আমরা আজকে ফেসবুক মেসেঞ্জারের জন্য অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ফিচার চালু করতে যাচ্ছি, যা বার্তা পাঠানোর অভিজ্ঞতার আরও উন্নতি করবে।’
এ ছাড়া মার্ক জুকারবার্গ বার্তায় বলেন, ‘সাইবার অপরাধ ও হ্যাকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। ফলে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে, আমরা যাতে আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে নিরাপদে যোগাযোগ করতে পারি।’
এদিকে মেসেঞ্জারের প্রডাক্ট ম্যানেজার টিমথি বুক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার চালুর ফলে আপনার মেসেঞ্জার ব্যাবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে। এই ফিচারগুলো চালু করতে আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে’।
এই ফিচারগুলো ব্যবহার করার জন্য ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। একসঙ্গে সবগুলো ফিচার ব্যবহার করার সুযোগ না পেলেও কয়েকদিনের মধ্যে সব ব্যবহারকারীর কাছেই ফিচারগুলো পৌঁছে যাবে।
