নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সফল হয়েছেন। এখন গ্রামে গেলে শহর মনে হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। খবর- ইউএন’বির
ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আরও বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তা, মানুষের মুখে হাসি, মানুষের আয় ক্ষমতা বেড়েছে। এসব কাজ বর্তমান সরকারের সফলতা। এ উন্নয়ন ধারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’
সাবেক এ মন্ত্রী বলেন, ধনিয়া ইউনিয়টি মেঘনা নদীর কোল ঘেঁষা। ইউনিয়নটি নদী ভাঙনের মুখে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসি ব্লক বাঁধ স্থাপনে বরাদ্দ দেন। তাই এ এলাকা এখন ভাঙন থেকে রক্ষা পেয়েছে।’
ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে ভোলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তোফায়েল উপস্থিত নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে সৎভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন।
