শুটিং স্পট থেকে হাসপাতালে নেওয়া হলো পরীমণিকে

গাজীপুরে শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খবরটি পরীমনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে আছি। বাকিটা এখনও জানি না।’

জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যান পরীমনি। বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং শুরুর আগেই মধ্যরাতে পরীমনির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়।

অরণ্য আনোয়ার বলেন, ‘এখানেই যে পরীমনি অসুস্থ হয়েছে এমনটা নাও হতে পারে। হয়তো অসুস্থ হয়েও আসতে পারে। যেটা পরীমনি জানতেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা শুটিং প্যাক আপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং।

কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুতসময়ের মধ্যে পরীকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় অভিনেত্রীর স্বামী অভিনেতা শরিফুল রাজ। এদিকে শুটিং প্যাকআপ করে আমরা এখন ঢাকায় ফিরছি। ‘

১৭ অক্টোবর গোপনে পরীমনি ও শরিফুল রাজের বিয়ে হয়৷ এ মাসের শুরুতে একইসঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। এরপরই দেড় বছর ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানান পরী৷

পরে অবশ্য জানিয়েছেন, হাতে থাকা ‘মা’ ছবির শুটিং শেষ করেই মাতৃত্বকালীন বিরতিতে যাবেন তিনি৷ মঙ্গলবার সে কথা রাখতেই গাজীপুর গিয়েছিলেন পরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *